ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামের ২৭তম ব্যাচ এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, মাদারীপুরের ১৬তম ব্যাচের (নিজস্ব ক্যাম্পাসের ১ম ব্যাচ) প্রশিক্ষণার্থী রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ: বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমডোর মোঃ শফিউল বারী; অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট চট্টগ্রামের অধ্যক্ষ, ক্যাপ্টেন আতাউর রহমান। এ অনুষ্ঠানে দেশের সামরিক-বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, দেশী ও বিদেশী জাহাজ মালিক এবং এজেন্টদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ তাঁর বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা অর্জনের প্রতিটি ক্ষেত্রে যারা আত্মদান করেছেন, সেই অগণিত শ্রেষ্ট মানুষদের। বিশেষভাবে স্মরণ করেন ২০২৪ এর ছাত্র-জনতার গণ আন্দোলনের বীর শহীদদের, গভীর শ্রদ্ধা ও সহানুভূতির সাথে আরও স্মরণ করেন যারা জীবনকে তুচ্ছ করে বৈষম্য বিলোপ ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং আহত হয়েছেন, তাদেরকে। জাতীয় শোকের আজকের দিনে তিনি মাইলস্টোন স্কুল ও কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য মহান সৃষ্টিকর্তার অনুকম্পা প্রার্থনা করেন।
তিনি উল্লেখ করেন যে, এ. ইন্সটিটিউট হতে প্রশিক্ষণ প্রাপ্ত রেটিংগণের মধ্যে হতে বহু সংখ্যক নাবিক কমপিটেন্সী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাপ্টেন, চীফ ইঞ্জিনিয়ার, চীফ অফিসার, সেকেন্ড অফিসার, থার্ড অফিসার, থার্ড ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে দক্ষতার সাথে চাকুরী করে আসছেন। ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের প্রশিক্ষণের গুনগতমান অবশ্যই বজায় রাখার বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয় গুরুত্বের সাথে দেখছেন বলে উল্লেখ করেন।
অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান স্বাগত ব্যক্তব্যের শুরুতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসেপতিত হওয়ার ফলে পাইলট, কোমলমতি শিশুসহ অনেক মানুষের মার্মন্তিক মৃত্যুর ঘটনায় গভীরভা শোক প্রকাশ করেন। তিনি যারা মৃত্যু বরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহত শিশু ও মানুষগুলোর দ্রুত সুস্থতা কামনা করেন।
ক্যাপ্টেন আতাউর রহমান প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অভিভাবকসহ অন্যান্য অতিথি বৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করায় যে সেকল প্রতিষ্ঠান সার্বিক সহযোগিতা করেছেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মাদারীপুর এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নৌ প্রকৌ. মোহাম্মদ শহিদ উল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সৌজন্যে গোল্ড মেডেল প্রাপ্ত হন ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামের অল রাউন্ড রেটিং মোঃ আল আমিন এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, মাদারীপুরের অল রাউন্ড রেটিং মোঃ রিয়াজুল করিম ও মেসার্স হক এন্ড সন্স লিঃ এর সৌজন্যে সিলভার মেডেল প্রাপ্ত হন মোঃ সোহানুর রহমান সোহাগ এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, মাদারীপুরের সিলভার মেডেল প্রাপ্ত হন মোঃ কামরান হোসেন। উক্ত প্রশিক্ষণ কোর্সে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামে ২০৭জন এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, মাদারীপুরে ১০০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।